আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : ইয়েমেনের বিপ্লবী গণবাহিনী সৌদি আরবের ভেতরে হামলা চালিয়ে সেখানকার দশটি কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থান দখল করেছে এবং ৯০ জনেরও বেশি সৌদি সেনাকে খতম করেছে।
লেবাননের আলআখবার দৈনিকের বরাত দিয়ে ইরানের তাসনিম বার্তা সংস্থা এ খবর দিয়েছে। ইরানের জাতীয় দৈনিক কেইহানে প্রকাশিত এ খবরে আরও বলা হয়েছে, ইয়েমেনের জনপ্রিয় বিপ্লবী আন্দোলন আনসারুল্লাহর উচ্চপদস্থ এক সূত্র জানিয়েছে, গতকাল সোমবার কয়েক ঘণ্টার মধ্যেই ইয়েমেনের সশস্ত্র বাহিনী ও স্বেচ্ছাসেবী গণ-বাহিনীর সেনারা সৌদি আরবের জিজওয়ানের কৌশলগত দশটি অবস্থান দখল করেছে এবং ৯০ জনেরও বেশি সৌদি সেনাকে হত্যা করেছে।
জবাবে আগ্রাসী সৌদি সেনারা রাজাহ ও গুমর জেলার মুঈন ও আলগুর অঞ্চলে গোলা বর্ষণ করেছে বলে ইয়েমেনের আলমাসিরাহ টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে।
ইয়েমেনে সৌদি আগ্রাসনের জবাবে সৌদি আরবের ভেতরে যে কোনো লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে বলে ইয়েমেনের গণবাহিনী ও সশস্ত্র বাহিনীগুলো ঘোষণা করেছে।#